রমজানের আগে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে বিশেষ ঋণসুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরসহ তালিকাভুক্ত নিত্যপণ্য ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ এ সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, বিভিন্ন ধরনের মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা প্রযোজ্য হবে। এসব পণ্য ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের শর্তে আমদানি করা যাবে।
এ ক্ষেত্রে সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিট-উভয় ব্যবস্থার আওতায় আমদানির সুযোগ রাখা হয়েছে।
সাপ্লায়ার্স ক্রেডিট ব্যবস্থায় বিদেশি সরবরাহকারী নির্দিষ্ট সময়ের জন্য আমদানিকারককে বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে, বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানির অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করেন।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের তাৎক্ষণিক অর্থায়নের চাপ কিছুটা কমতে পারে। একই সঙ্গে পর্যাপ্ত নিত্যপণ্য আমদানির সুযোগ তৈরি হলে রমজানের আগে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেও সহায়ক হতে পারে।
সার্কুলারে আরও বলা হয়েছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত এ বিশেষ সুবিধা কার্যকর থাকবে। দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের এ বিষয়ে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।



