জাতীয়

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে সম্মেলনস্থলে দুই নেতা বৈঠকে বসেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা।

এ ছাড়া উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেন তারা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি