শুরুতে চলবে ৪টি ফ্লাইট, ১৬ ডিসেম্বর খুলছে তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে নতুন টার্মিনালের কার্যক্রম শুরু হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, প্রাথমিকভাবে টার্মিনাল চালুর জন্য ইমিগ্রেশন বুথ প্রস্তুত, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, কোনো একটি সংস্থার প্রস্তুতিতে ঘাটতি থাকলে পুরো কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক সংস্থাকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি জানান, সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার বিষয়ে মতামত দেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সভায় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিনসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, জাতীয় রাজস্ব বোর্ড এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



