জাতীয়

প্রথমবারের মতো লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি জনসভাস্থল কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্রস্তুত করা হচ্ছে মঞ্চসহ প্রয়োজনীয় অবকাঠামো।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

পরে একটি জনসভায় যোগ দেবেন সরকারপ্রধান। এ ছাড়া জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সফরকে সফল ও নির্বিঘ্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

ক্যাটাগরি