শিক্ষা

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৬০০

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। আর জিপিএ-৫ পেয়েছেন আরও ১ হাজার ৬০০ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম ফলাফলে অকৃতকার্য হওয়া ২০ জনও রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে। ফলাফল পরিবর্তনের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

বোর্ডভিত্তিক ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন, কুমিল্লায় ৩ হাজার ৬৫ জন, বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন, মাদ্রাসায় ১ হাজার ১২৮ জন এবং রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন আরও ৪৬৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম ফলাফলে অকৃতকার্য হওয়া একজন শিক্ষার্থীও রয়েছেন।

এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছিল উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ। ফলে শুধু নম্বর যোগ-বিয়োগ কিংবা গণনার ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পান পরীক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য এবার আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে জমা পড়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি এবং রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্রের জন্য আবেদন জমা পড়ে।

এ ছাড়া যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।

এর আগে গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পান।

পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর নতুন করে হাজারো শিক্ষার্থীর পাস এবং জিপিএ-৫ অর্জন উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতিতে তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ক্যাটাগরি