কক্সবাজারে বাসের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ২

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযহার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। বর্তমানে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়ার খুটাখালীর জসিম উদ্দিন ও সাহাব উদ্দিন এবং লামার সাইফুল ইসলাম।
ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাযহার জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



