পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মতবিরোধ, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় ন্যূনতম মজুরি নির্ধারণে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় এ বিষয়ে আলোচনা হয়। দুপুর ২টায় শুরু হওয়া সভার বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী এসব তথ্য জানান।
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভার আলোচ্যসূচিতে ছিল মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে আলোচনা হয়। ওই বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে মঙ্গলবারের সভায় তারা ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব দেয়।
অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের বৈঠকে তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল। মঙ্গলবারের সভাতেও তারা ওই দাবিতে অনড় অবস্থান নেয়।
বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়।
তবে নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে মালিক ও শ্রমিক-উভয় পক্ষ। ফলে পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণে সমঝোতা হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।



