এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছেন ১২.৬৭ লাখ পরীক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ ও কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে ৩১০টি কেন্দ্রে ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষায় অংশ নেবেন। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, যশোর, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও দিনাজপুর বোর্ডেও ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো কঠোর নির্দেশনা জারি করেছে। সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে মনিটরিং সেলের মাধ্যমে সারাদেশের কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে থাকবে বডি ওর্ন ক্যামেরা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। তিনি আরও বলেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।




