জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথক দিনে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে উদযাপন করা হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালন করত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে দুটি দিবস একসঙ্গে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো একই দিনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়।
তবে বর্ষাকালে একসঙ্গে দুটি দিবসের আয়োজন করায় যুব র্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রিতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় যুব দিবসের সঙ্গে যুক্ত কর্মসূচি আলাদা সময়ে আয়োজন করলে জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক কার্যক্রম আরও কার্যকর হবে। এসব বিষয় বিবেচনা করেই আগের নিয়মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

