চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। নতুন তালিকায় চারটি কোম্পানি যুক্ত হয়েছে, একই সঙ্গে চারটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। নতুন এ সূচক আগামী ৩০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসই জানায়, নতুন করে গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি সিএসই-৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত হয়েছে।
অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।
সিএসই জানায়, নতুন তালিকায় অন্তর্ভুক্ত ৩০টি কোম্পানির সম্মিলিত বাজার মূলধন দেশের মোট তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধনের প্রায় ৪৪.৬৯ শতাংশ। এছাড়া এসব প্রতিষ্ঠানের ফ্রি-ফ্লোট বাজার মূলধন মোট ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৪৩.১৩ শতাংশ প্রতিনিধিত্ব করে।
সিএসই-৩০ ইনডেক্স দেশের শীর্ষস্থানীয় ও উচ্চ বাজারমূলধনসম্পন্ন কোম্পানিগুলোর পারফরম্যান্সের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। নতুন এই পুনর্গঠন বাজারের বর্তমান পরিস্থিতি ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্সকে প্রতিফলিত করবে।

