দেশের আবাসন খাতের অন্যতম বড় আয়োজন ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ আগামী ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

সোমবার (২৭ জুলাই) রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬-২০২৮)-এর প্রথম সভা শেষে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম।

সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রিহ্যাবের কার্যক্রম ও আবাসন খাতের ইতিবাচক দিক তুলে ধরতে প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আসন্ন সামার ফেয়ার সফলভাবে আয়োজন, ব্যাপক প্রচার-প্রচারণা, সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং আবাসন খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

চার দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি, আবাসন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন ফ্ল্যাট ও প্লট প্রকল্প, গৃহঋণ সুবিধা এবং আবাসন খাতে বিনিয়োগসংক্রান্ত তথ্য জানার সুযোগ পাবেন।