জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে উদ্ধারকারী দল। তিনি বলেন, “প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।”

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্যমতে, এর উৎপত্তিস্থল ছিল কিউশুর কুমামোতো জেলার কাছে সাগরের তলদেশে, প্রায় ১০ কিলোমিটার গভীরে।

অগভীর গভীরতায় ভূমিকম্পের কারণে কুমামোতো জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।