চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৯০ শতাংশ বেশি। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২২৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।

এর আগে, চলতি বছরের জুন মাসে দেশে আসে ২৮১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে আসে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে শক্তিশালী রয়েছে। মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এছাড়া মে মাসে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩৫.৫৬ বিলিয়ন ডলার), যা বাংলাদেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের নতুন রেকর্ড।