উচ্চ কোলেস্টেরল হৃদরোগ ও হার্ট অ্যাটাকের অন্যতম ঝুঁকির কারণ। তাই এ সমস্যায় ভোগা ব্যক্তিদের খাদ্যাভ্যাসে বিশেষ সতর্কতা প্রয়োজন। অনেকের ধারণা, কোলেস্টেরল বেশি থাকলে দুধ একেবারেই খাওয়া উচিত নয়। তবে বিশেষজ্ঞদের মতে, দুধ নয়—বরং সঠিক ধরনের দুধ নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ফুল ক্রিম বা হোল মিল্কে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট রক্তে এলডিএল বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। তবে দুধে থাকা ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।
বিশেষজ্ঞদের পরামর্শ, উচ্চ কোলেস্টেরল থাকলে স্কিমড বা ফ্যাটমুক্ত দুধ, ডাবল স্কিমড মিল্ক কিংবা সয়া, ওট ও বাদামের (আলমন্ড) দুধ বেছে নেওয়া ভালো। প্রয়োজনে বাড়িতে দুধ ফুটিয়ে ঠান্ডা করে ওপরের জমে থাকা সর বা চর্বি ফেলে দিয়ে পান করা যেতে পারে।
যেসব ভুল এড়িয়ে চলবেন
- ফুল ক্রিম বা সরযুক্ত দুধ নিয়মিত পান করবেন না।
- দুধে অতিরিক্ত চিনি, ফ্লেভারড সিরাপ বা চকোলেট পাউডার মিশিয়ে খাওয়া এড়িয়ে চলুন।
- ফুল ক্রিম দুধ দিয়ে তৈরি মিষ্টি, পনির ও ছানা বেশি খাওয়া থেকে বিরত থাকুন।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ কোলেস্টেরল থাকলেও পরিমিত পরিমাণে ফ্যাটমুক্ত বা স্কিমড দুধ পান করা নিরাপদ। সঠিক ধরনের দুধ নির্বাচন করলে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি হৃদ্স্বাস্থ্যের ঝুঁকিও কমানো সম্ভব।

