দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ২১৪ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩২১ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২১ জন, ঢাকা বিভাগে ৯৩ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৮১ জন, চট্টগ্রামে ৭৩ জন, ময়মনসিংহে ৩৮ জন, রাজশাহীতে ২৬ জন, রংপুরে ২২ জন এবং সিলেটে ৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের মোট আক্রান্তের ৭৬ শতাংশই ঢাকার বাইরের। আক্রান্তের হিসাবে শীর্ষে রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা (২৪ শতাংশ), এরপর বরিশাল বিভাগ (২১.৪৯ শতাংশ), চট্টগ্রাম বিভাগ (১৭.৪৭ শতাংশ) এবং খুলনা বিভাগ (১২.৬৪ শতাংশ)।
এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে এবং অক্টোবর পর্যন্ত উচ্চ সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। তাদের মতে, জুলাই মাসেই চলতি বছরের মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় ৫৯ শতাংশ এবং মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ ঘটেছে, যা সম্ভাব্য বড় ধরনের প্রাদুর্ভাবের ইঙ্গিত দিচ্ছে।

