স্বাস্থ্যকর খাবারের তালিকায় সালাদ সবসময়ই জনপ্রিয়। আর এতে যদি থাকে প্রোটিনসমৃদ্ধ মুরগির মাংস, ফাইবারে ভরপুর কাবুলি বুট ও তাজা সবজির সমন্বয়, তাহলে এটি হয়ে উঠতে পারে একটি পরিপূর্ণ ও পুষ্টিকর খাবার। সকালের নাশতা, দুপুরের খাবার কিংবা হালকা রাতের খাবার হিসেবে সহজেই তৈরি করা যায় এই মুরগি-কাবুলি বুটের সালাদ।

যা লাগবে

  • কাবুলি বুট – ২ কাপ (ভিজিয়ে সেদ্ধ করা)
  • মুরগির বুকের মাংস – ১ টুকরা (সেদ্ধ ও কুচি করা)
  • সেদ্ধ ডিমের সাদা অংশ – ২টি
  • টমেটো – আধা কাপ (কুচি)
  • পেঁয়াজকুচি – ২ টেবিল চামচ
  • জলপাই তেল – ১ টেবিল চামচ
  • লেবুর রস – ১ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া – ১ চা-চামচ
  • লবণ বা পিংক সল্ট – স্বাদমতো

যেভাবে তৈরি করবেন
প্রথমে কাবুলি বুট কয়েক ঘণ্টা ভিজিয়ে নরম করে সেদ্ধ করুন। এরপর একটি বড় বাটিতে সেদ্ধ কাবুলি বুট, মুরগির মাংস, টমেটো, ডিমের সাদা অংশ ও পেঁয়াজকুচি একসঙ্গে নিন। এতে জলপাই তেল, লেবুর রস, গোলমরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পরিবেশনের আগে ১০–১৫ মিনিট ফ্রিজে রাখলে স্বাদ আরও বেড়ে যায়।

পুষ্টিবিদদের মতে, মুরগির মাংস ও ডিম থেকে উচ্চমানের প্রোটিন, কাবুলি বুট থেকে ফাইবার এবং টমেটো থেকে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। ফলে এই সালাদ দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণে এটি হতে পারে একটি উপযোগী খাবার।