ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থাড ইন্টারসেপ্টর মজুত ছিল, তার চার-পঞ্চমাংশ ব্যবহৃত হয়েছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়েছে। এর আগে রয়টার্স ও সিবিএস নিউজ-এর প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের দীর্ঘ-পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কথাও বলা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন।

তবে এসব দাবিকে গুরুত্ব দেয়নি পেন্টাগন ও হোয়াইট হাউস। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী যেকোনো অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে সব কৌশলগত লক্ষ্য পূরণে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুত রয়েছে।