মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে তিনি আশাবাদী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চুক্তির কাছাকাছি পৌঁছানোর পর বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটি খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তারা আর বেশিদিন এটি টেনে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না।’
এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনায় ‘মৌলিক নীতিগুলোতে’ সমঝোতা হয়েছে এবং চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে। দুই পক্ষ জাহাজ চলাচলের রুট বা কো-অর্ডিনেটস নিয়ে একমত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
তেহরান দাবি করেছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি, তবে কূটনৈতিক মাধ্যমে ওয়াশিংটনের বার্তা তারা পেয়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ চলাচলের ওপর ইরানের নিয়ন্ত্রণ বা জাহাজ থেকে জোরপূর্বক টোল আদায়ের কোনো শর্ত যুক্তরাষ্ট্র মেনে নেবে না।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে সম্ভাব্য সমঝোতা তাৎক্ষণিকভাবে যুদ্ধের অবসান না ঘটালেও এটি যুদ্ধবিরতি এবং বৃহত্তর রাজনৈতিক সমাধানের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
এফ বার্তা /এইচ

