ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ১৪৪৭ হিজরি (২০২৭) সালের হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় সেটি বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করা এক স্মারকে মন্ত্রণালয় জানায়, আগামী ৯ আগস্ট ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হলেও প্রতিষ্ঠানটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ এজেন্সি বা অংশীজন নয়। ফলে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কোনো আইনগত এখতিয়ার তাদের নেই এবং বিষয়টি সম্পর্কে মন্ত্রণালয়ও অবগত ছিল না।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে অনুষ্ঠানটি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই দিন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানায়। হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, অনুমোদনহীন প্রতিষ্ঠানের ব্যানারে হজ এজেন্সি, হজযাত্রী ও কাফেলাগুলোকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করলে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং প্রতারণামূলক কার্যক্রমের ঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকদের অভিযোগ, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।