ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে ‘অনুকূল পরিবেশ’ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রথম বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে ইতিবাচক ও অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্যও ভারতকে অনুরোধ জানানো হয়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে একাধিক আইনি কার্যক্রম চলছে।
বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ ভারত আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
এদিকে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক নিয়ে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুর মধ্যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও আরও শক্তিশালী করার উদ্যোগ হিসেবে তারেক রহমান ও ভারতের নতুন হাইকমিশনারের এ বৈঠককে দেখা হচ্ছে। সূত্র: রয়টার্স
এফ বার্তা/ এইচ

