বিদ্যুৎ সাশ্রয় ও চাহিদা নিয়ন্ত্রণে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সময়সীমা এক ঘণ্টা কমানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রমের সময় এক ঘণ্টা কমার পাশাপাশি বিলবোর্ড ও আলোকসজ্জা নিয়ন্ত্রণের মাধ্যমে বিদ্যুতের ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।