বাংলাদেশের স্টার্টআপ ও নতুন উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ বাংলাদেশ’ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের বিজয়ী আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এ প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করা ব্যক্তিরা অংশ নিতে পারবেন। প্রাথমিক ধারণা, প্রি-সিড, সিড ও প্রাথমিক পর্যায়ের সিরিজ-এ পর্যায়ে থাকা এবং পাঁচ বছরের কম বয়সী স্টার্টআপগুলো আবেদন করতে পারবে। সর্বোচ্চ তিন সদস্যের দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
বাংলাদেশ পর্বের বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ। পাশাপাশি তিনি সরাসরি সান ফ্রান্সিসকোতে বৈশ্বিক চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া বাংলাদেশের সেরা ১০টি স্টার্টআপ মূল আয়োজনের নেটওয়ার্কিং সেশনে অংশ নিতে পারবে। সেখানে আন্তর্জাতিক বিনিয়োগকারী, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসায়িক খাতের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য অভিজ্ঞ উদ্যোক্তা, বিনিয়োগকারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দুটি সরাসরি প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হবে। এসব সেশনে ব্যবসায়িক উপস্থাপনা, বিনিয়োগকারীদের সামনে পিচিং এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর আশিক খান বলেন, গত বছর সফলভাবে বাংলাদেশ পর্ব আয়োজন করা হয়েছিল এবং দেশের একটি স্টার্টআপ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এবার গত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। দেশের উদ্ভাবনী স্টার্টআপগুলোর জন্য বৈশ্বিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
গত আসরে রোবো টেকনোলজিস বাংলাদেশ পর্বে বিজয়ী হয়ে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত বৈশ্বিক চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল।
আয়োজকদের আশা, এবারের প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্মের উদ্যোক্তারা আন্তর্জাতিক বিনিয়োগকারী ও প্রযুক্তি খাতের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। এতে দেশের স্টার্টআপ খাতের আন্তর্জাতিক সংযোগ বাড়ার পাশাপাশি স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।
আগ্রহী উদ্যোক্তারা আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

