বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৫ আগস্ট শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে।
সে অনুযায়ী, আগামী ১৪ আগস্ট শুক্রবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার পর ১৫ আগস্ট শনিবার থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস শুরু হবে। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ অনুযায়ী আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

