নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোও এর অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে বাসগুলো চলাচল করবে।
রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও আজ থেকে এই বিশেষ বাস সার্ভিস চালু হবে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে দুটি বাস চলাচল করবে। বাস দুটি নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা এলাকা পর্যন্ত যাত্রী পরিবহন করবে।
চট্টগ্রামে সকাল ১০টায় কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বাস দুটির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতেই এই বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে নির্ধারিত রুট ও প্রয়োজন অনুযায়ী সেবাটি আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

