আগস্টের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধু ১৭ আগস্ট দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।

প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি অর্থনীতিতে স্বস্তি ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফিনান্সিয়াল বার্তা/এইচ