ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের কাছে মির্জা গালিব স্ট্রিট এলাকার ওই হোটেলে আগুন লাগে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দেশটির ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতরা সবাই বাংলাদেশি এবং চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে ভবনের ভেতরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় কয়েকজন অতিথি আটকা পড়েন। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আটকে পড়া অতিথিদের উদ্ধার করা হয়।

এসি থেকে আগুনের সূত্রপাতের সন্দেহ

প্রাথমিকভাবে হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই দিনের ব্যবধানে দ্বিতীয় হোটেলে অগ্নিকাণ্ড

কলকাতার এই দুর্ঘটনার মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৮ জন নিহত হন। ১৭ আগস্ট ভোরে পাঁচতলা হোটেলটির নিচতলায় আগুন লাগে। সে সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

পরপর দুটি হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গের হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কলকাতার ঘটনায় তদন্তের পাশাপাশি হোটেলটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

ফিনান্সিয়াল বার্তা/এইচ