বিএনপির সংসদীয় দলের সভায় আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আবেগঘন বক্তব্যে সভায় উপস্থিত সংসদ সদস্যদের মধ্যেও আবেগের সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টার সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মির্জা ফখরুল দলীয় সংসদ সদস্যদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে মির্জা ফখরুল প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সময় কোনো ভুল হয়ে থাকলে বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমাও চান তিনি।

দলীয় দায়িত্ব পালনের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি তাঁকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস না করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, বক্তব্য দেওয়ার সময় কয়েকবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া চান।

পরে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন। দলের দুঃসময়ে সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের পক্ষে ভোট দিতে দলীয় সংসদ সদস্যদের আহ্বান জানান।

তারেক রহমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার নির্দেশনা দেন।

এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের সঙ্গে দলের নেতাকর্মীদের দূরত্ব তৈরি করা যাবে না। দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করে তাঁদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করার আহ্বান জানান তিনি।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ফিনান্সিয়াল বার্তা /এইচ