উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত ৪১ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজের আওতায় ঋণ বিতরণ শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে সাতটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
চুক্তিতে অংশ নেওয়া ব্যাংকগুলো হলো—সোনালী ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্থনীতিতে গতি ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ এবং উৎপাদনশীল খাতে অর্থের প্রবাহ বাড়াতে মোট ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকার পাঁচটি অর্থায়ন প্যাকেজ গঠন করা হয়েছে।
প্যাকেজের আওতায় বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক্-অর্থায়ন স্কিমে ২০ হাজার কোটি, কৃষি ও পল্লী খাতের পুনঃঅর্থায়ন স্কিমে ১০ হাজার কোটি, সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে ৫ হাজার কোটি, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বলেন, ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য উৎপাদনশীল ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে প্রবাহিত করার পাশাপাশি প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়নের মাধ্যমে তুলনামূলক সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, অর্থনীতিতে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে অংশগ্রহণকারী ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
ফিনান্সিয়াল বার্তা/এইচ

