দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৬৪ জনের।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৬৪ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ২০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনের।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৮ হাজার ২২৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন।
গত এক দিনে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর তথ্য যোগ হওয়ায় দেশে চলমান হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
ফিনান্সিয়াল বার্তা/এইচ

