সদ্য সমাপ্ত ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’-এ বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিয়েছে ওয়ালটন। দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটরদের ব্যতিক্রমী স্থানীয় প্রচারণা ও ব্র্যান্ডিং কার্যক্রমের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।
ওয়ালটন জানায়, ‘সিজন-২৪’ ক্যাম্পেইন সফল করতে দেশের বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটররা নানা ধরনের সৃজনশীল প্রচারণা চালান। এসব উদ্যোগের মধ্যে ব্যতিক্রমী ব্র্যান্ডিং কার্যক্রমের স্বীকৃতি হিসেবে প্লাজা ও ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, শুধু ক্যাম্পেইন পরিচালনা নয়, মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়াকেও ওয়ালটন গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। দেশের বিভিন্ন অঞ্চলে সৃজনশীল ও উদ্ভাবনী ব্র্যান্ডিং উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে গ্রাহকদের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, ব্র্যান্ডিং একটি গতিশীল ও সৃজনশীল ক্ষেত্র। তাই প্রতিনিয়ত নতুন ও বৈচিত্র্যময় ধারণার প্রয়োজন হয়। পুরস্কারপ্রাপ্তদের উদ্যোগ ওয়ালটনকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখা কর্মী, পরিবেশক ও অন্যান্য অংশীজনকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের স্বীকৃতি কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
ফিনান্সিয়াল বার্তা/এইচ

