বাঙালির খাবারের তালিকায় নদীর মিষ্টি পানির আইড় মাছের রয়েছে আলাদা কদর। আঁশ না থাকায় মাছটি পরিষ্কার করা সহজ, আর নরম ও মাংসল হওয়ায় বিভিন্নভাবে রান্না করা যায়। সামান্য মৌরি গুঁড়া ব্যবহার করে আইড় মাছের তৈরি মাখামাখা ঝোল হতে পারে ভাতের সঙ্গে দারুণ একটি পদ।

উপকরণ

  • আইড় মাছ ৮ টুকরা
  • পেঁয়াজ কুচি ২টি
  • রসুন বাটা ১ চা-চামচ
  • জিরা বাটা ১ চা-চামচ
  • ধনে গুঁড়া ১ চা-চামচ
  • মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • মৌরি গুঁড়া আধা চা-চামচ
  • কাঁচামরিচ ৪–৫টি
  • ধনেপাতা কুচি পরিমাণমতো
  • তেল ১ কাপ
  • লবণ স্বাদমতো
  • পানি পরিমাণমতো

রান্নার পদ্ধতি

প্রথমে মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাছের সঙ্গে রসুন ও জিরা বাটা, ধনে, মরিচ, হলুদ ও মৌরি গুঁড়া এবং লবণ মেখে কিছুক্ষণ রেখে দিন।

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এরপর সামান্য পানি দিয়ে মেরিনেইট করা মাছ ও মসলা কড়াইয়ে দিন। মাঝারি আঁচে মাছগুলো সাবধানে উল্টে-পাল্টে মসলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হলে প্রয়োজনমতো পানি দিয়ে কাঁচামরিচ যোগ করুন। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাছ সিদ্ধ হয়ে ঝোল ঘন ও মাখামাখা হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

চুলা বন্ধ করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুগন্ধি মৌরির ঘ্রাণে মাখামাখা আইড় মাছের ঝোল।

রান্নার টিপস: আইড় মাছ নরম হওয়ায় রান্নার সময় অতিরিক্ত নেড়েচেড়ে না দিয়ে সাবধানে উল্টে-পাল্টে রান্না করলে মাছ ভেঙে যাওয়ার আশঙ্কা কমে।

ফিনান্সিয়াল বার্তা/এইচ