দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার বা ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে একই সময়ে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

এর আগে ২০ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার।

অন্যদিকে, বিপিএম-৬ পদ্ধতিতে ২০ আগস্ট রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। সে হিসাবে এই সময়ে এ হিসাবে রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য সংশ্লিষ্ট দায় বাদ দেওয়ার পর নিট রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতার কারণে দেশের রিজার্ভে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ