জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চ অর্থবছর চালুর সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সীমা কার্যকর করার সিদ্ধান্তের এক সপ্তাহের মধ্যেই এই কমিটি গঠন করা হলো।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে কমিটি গঠনের তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন ও সংসদ বিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থবছরের সময়সীমা পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করবে কমিটি।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের অন্তর্বর্তী অর্থবছর হিসেবে ধরা হবে। অর্থাৎ ওই অর্থবছর জুলাই ২০২৭ থেকে শুরু হয়ে ২০২৮ সালের মার্চে শেষ হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমা কার্যকর হবে।
সরকারের সংশ্লিষ্টদের মতে, অর্থবছর পরিবর্তনের অন্যতম কারণ হলো বর্ষা মৌসুমের সঙ্গে উন্নয়ন প্রকল্পের সময়সূচির অসামঞ্জস্য। বর্তমানে অর্থবছর শুরু হয় জুলাইয়ে। ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কাজ জুলাই-আগস্টের ভারী বর্ষায় বাধাগ্রস্ত হয়। এতে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, কাজের মানের ওপর প্রভাব ও জনভোগান্তি তৈরি হয়।
নতুন অর্থবছর এপ্রিল-মার্চ হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নেওয়া ও শেষ করার সুযোগ বাড়বে বলে মনে করছে সরকার। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের সময় ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

