নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালের সরকার ও জনগণের পাশে থাকার এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ কথা জানান।
বার্তায় তারেক রহমান বলেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে ব্যথিত ও সহানুভূতিশীল। বাংলাদেশ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।
তিনি জানান, নিখোঁজ শত শত মানুষের মধ্যে অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও নিখোঁজদের উদ্ধারের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
নেপালের দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

