বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার প্রাক ও পুনঃঅর্থায়ন প্যাকেজে অংশ নিতে চুক্তি স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে ব্যাংকটি।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ ও মো. সারোয়ার হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. এনামুল করিম খান ও মো. আবুল বাশার এবং সংশ্লিষ্ট বিভাগের পরিচালক মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. হাসানুজ্জামান বক্সী।
চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক তিন বছরের জন্য মার্কেন্টাইল ব্যাংকের উদ্বৃত্ত তারল্য থেকে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কৃষি সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতের উন্নয়নে ব্যবহার করা হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো এসএমই খাতে অর্থায়ন বাড়িয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

