দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে ১৭টি ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
প্রণোদনা তহবিলে অর্থ দিতে সম্মত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—সোনালী, অগ্রণী, রূপালী, ব্র্যাক, সিটি, যমুনা, ডাচ্-বাংলা, মিউচুয়াল ট্রাস্ট, উত্তরা, প্রাইম, ব্যাংক এশিয়া, এনসিসি, পূবালী, ইস্টার্ন, মার্কেন্টাইল, ট্রাস্ট ও সাউথইস্ট ব্যাংক।
এর আগে গত ২৩ মে অর্থনীতিতে গতি ফেরানো এবং বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪১ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১৯ হাজার কোটি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্যাকেজের সবচেয়ে বড় অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালুর জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ তহবিল থেকে বেসরকারি উদ্যোক্তাদের গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের ভাষায়, এটি মূলত ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এর মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদনে ফিরলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

