ব্যবসা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিন) বাধ্যতামূলক করা হয়েছে। যেসব উদ্যোক্তার এখনো ভ্যাট নিবন্ধন নেই, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নির্ঝর আহমেদ বলেন, রাজস্ব প্রদানের মাধ্যমে উদ্যোক্তারা সরকারের বিভিন্ন কার্যক্রমে অর্থের জোগান দেন। তাই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সব ধরনের কমপ্লায়েন্স নিশ্চিত করতে রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তিত নিয়ম ও বিধিবিধান সম্পর্কে উদ্যোক্তাদের সচেতন থাকা প্রয়োজন।
তিনি জানান, চলতি অর্থবছরের বাজেটে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন, ব্যাংক হিসাব খোলা এবং বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ ও নবায়নসহ বেশ কয়েকটি ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বা বিন বাধ্যতামূলক করা হয়েছে। ফলে যেসব ব্যবসায়ীর এখনো বিন নেই, তাদের দ্রুত ভ্যাট নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এনবিআরের এই কর্মকর্তা আরও বলেন, ভ্যাট আইনের ৬৪ ধারায় প্রতি এক কর মেয়াদের পরিবর্তে তিন কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীদের জন্য ভ্যাট ব্যবস্থাপনা আরও সহজ হবে।
আপিলের ক্ষেত্রেও ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তি এসেছে বলে জানান তিনি। দাবিকৃত করের ১০ শতাংশ জমা দেওয়ার আগের বিধান সংশোধন করে আপিলাত ট্রাইব্যুনালে আপিলের ক্ষেত্রে ১ শতাংশ এবং হাইকোর্টে আপিলের ক্ষেত্রে ২ শতাংশ জমা দেওয়ার বিধান করা হয়েছে। এতে ব্যবসায়ীদের আপিল-সংক্রান্ত ব্যয় কমবে বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় আয়কর ও ভ্যাট বিষয়ে দুটি সেশন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা চেম্বারের কাস্টমস ও ভ্যাট স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া এবং যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ, পরিচালক এম মোশাররফ হোসেনসহ ঢাকা চেম্বারের সদস্যভুক্ত শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

