দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭০ জন।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই শিশু।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, হাম উপসর্গে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনো উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে শিশুদের হাম থেকে সুরক্ষায় সতর্কতা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

