সব ঠিক থাকলে আজ ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেপ্টেম্বরে নির্ধারিত ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মধ্যে আগামী বছরের জানুয়ারিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরের নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে। বিষয়টি নিয়ে ভারতের সরকারের সঙ্গেও আলোচনা চলছে।
বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে জানিয়েছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি এবং দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২৫ সালের আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা ছিল। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, সফরে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তবে বিসিসিআই এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সম্প্রতি ভারত সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং প্রয়োজনে সিরিজের তারিখ পরিবর্তন হতে পারে।
২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় ক্রিকেট দল। রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে পরবর্তী সময়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও কিছুটা টানাপোড়েন তৈরি হয়। এরই মধ্যে নির্ধারিত সিরিজ একাধিকবার পিছিয়ে যায়।
তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়ায় ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজনের সম্ভাবনা আবারও তৈরি হয়েছিল। সেপ্টেম্বরে সিরিজ আয়োজন নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা এগোলেও এখন সেটি আরও পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সিরিজের চূড়ান্ত সময়সূচি ও আয়োজন নিয়ে বিসিবি ও বিসিসিআইয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

