ইনস্টাগ্রামে রিলস তৈরি ও সম্পাদনার কাজ সহজ করতে ফার্স্ট ড্রাফট নামে নতুন ফিচার চালু করেছে মেটা। এর মাধ্যমে একাধিক ভিডিও ক্লিপ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি প্রাথমিক রিলস তৈরি করা যাবে। ক্লিপের অপ্রয়োজনীয় বিরতি ও নীরব অংশ বাদ দিয়ে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে দেবে ফিচারটি।

ইনস্টাগ্রামের রিলস গ্যালারি থেকে একাধিক ভিডিও নির্বাচন করে ‘ফার্স্ট ড্রাফট’ অপশনে চাপ দিলেই এটি কাজ শুরু করবে। নির্বাচিত ক্লিপ বিশ্লেষণ করে কয়েক সেকেন্ডের মধ্যে একটি প্রাথমিক সম্পাদিত ভিডিও তৈরি করবে। পরে ব্যবহারকারী চাইলে ক্লিপের ক্রম পরিবর্তন, নতুন উপাদান যোগ বা নিজের মতো করে আরও সম্পাদনা করতে পারবেন।

নতুন ভিডিও ধারণের পরও এই ফিচার ব্যবহার করা যাবে। ফলে প্রাথমিক কাটছাঁটের জন্য আলাদা ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহারের প্রয়োজন কমবে। বিশেষ করে একাধিক ক্লিপের রিলস, ক্যামেরার সামনে কথা বলার ভিডিও ও দৈনন্দিন মুহূর্তের ভিডিও তৈরিতে এটি কাজে আসতে পারে।

ইনস্টাগ্রামের দাবি অনুযায়ী, ‘ফার্স্ট ড্রাফট’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে না। বরং মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে ভিডিওর প্রয়োজনীয় অংশ শনাক্ত করে প্রাথমিক সম্পাদনা করে।

ফিচারটি আপাতত আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েডে কবে এটি পাওয়া যাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানায়নি ইনস্টাগ্রাম।