নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চীনের তিব্বত অংশে আরও অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নেপালে নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। চীনা সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতের জিরোং কাউন্টিতে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান ও বিভিন্ন সংস্থার সমন্বয়ের কারণে হতাহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।
নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে অন্তত ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। এছাড়া বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৯৩৩ শ্রমিক, স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকাজে নিয়োজিত সেনা-পুলিশ সদস্যও নিখোঁজদের তালিকায় রয়েছেন।
সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চিতওয়ান জেলায়। সেখানে ২৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নওয়ালপরাসি ইস্টে ১৫৪ জন, গোরখায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধাদিং ও নুয়াকোটসহ অন্যান্য এলাকাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।
এদিকে তিব্বতের জিরোং কাউন্টিতে নিখোঁজ ৫৫৪ জনের মধ্যে ২৬০ জন বিদেশি পর্যটক ও পুণ্যার্থী রয়েছেন।
দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। ১৫ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েনের পাশাপাশি হেলিকপ্টার ও উদ্ধারকারী ড্রোন ব্যবহার করে নিখোঁজদের সন্ধানে চিরুনি অভিযান চালানো হচ্ছে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

