আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
মেসি লিখেছেন, ফাইনালের পর অনেকটা সময় পার হয়েছে এবং দীর্ঘ ভাবনা-চিন্তার পর তিনি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি নিতে তার খুব কষ্ট হয়েছে বলেও জানান তিনি। তবে নিজের সর্বোচ্চটা দিয়ে জাতীয় দলের জার্সির জন্য লড়াই করেছেন বলে উল্লেখ করেন এই আর্জেন্টাইন তারকা।
জাতীয় দলের হয়ে দীর্ঘ দুই দশকের পথচলার কথা স্মরণ করে মেসি বলেন, তিনি সবসময় আর্জেন্টিনার হয়ে খেলাকে ভালোবেসেছেন এবং দেশের মানুষকে ফুটবলের মাধ্যমে আনন্দ ও গর্ব দেওয়ার চেষ্টা করেছেন। এখন তার ক্যারিয়ারের সময় ফুরিয়ে আসছে এবং প্রতিটি অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, গত ২০ বছর তাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা তিনি কখনো ভুলবেন না। জাতীয় দলের হয়ে মাঠে ভক্তদের সমর্থন ও ভালোবাসা তিনি মিস করবেন। তবে অবসরের পরও আর্জেন্টিনা দলের একজন সমর্থক হিসেবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ক্যারিয়ারের এই দীর্ঘ যাত্রায় পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান মেসি। তাদের সঙ্গে কাটানো স্মৃতি ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সঙ্গে নিয়েই বিদায় নিচ্ছেন বলে জানান তিনি।
আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারে এসেছে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও আরও একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। ব্যক্তিগত ও দলীয় সাফল্যে সমৃদ্ধ এই অধ্যায়ের শেষ প্রান্তে এসে জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই তারকা।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

