বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর প্রায় পাঁচ দশকের রাজনৈতিক পথচলায় দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচি এখনো বিএনপির রাজনৈতিক ও আর্থসামাজিক নীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে আলোচিত হচ্ছে।
রাজনৈতিক নথি ও দলীয় সূত্র অনুযায়ী, ১৯ দফায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, আত্মনির্ভরতা, জনগণের অংশগ্রহণ, জাতীয় ঐক্য, কৃষি ও শিল্পের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
১৯ দফায় নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ, শিক্ষা ও চিকিৎসার সুযোগ সম্প্রসারণ, নিরক্ষরতা দূরীকরণ এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, মানবসম্পদ উন্নয়ন, শ্রমিকের অধিকার, ভূমি সংস্কার, বেসরকারি খাতে প্রণোদনা এবং যুবসমাজের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নারীর অধিকার ও উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিও কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে দেশের পানি ব্যবস্থাপনা, বন্যা ও খরার ক্ষয়ক্ষতি কমানো এবং কৃষির উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতির কথা বলা হয়। মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ও ১৯ দফায় উল্লেখ রয়েছে।
১৯৭৭ সালের ৩০ এপ্রিল জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হিসেবে তিনি এটিকে সরকারের রাজনৈতিক, আর্থসামাজিক ও উন্নয়নমূলক দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতারা বলছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ১৯ দফায় উত্থাপিত আত্মনির্ভরতা, গ্রামীণ উন্নয়ন, জনগণের অংশগ্রহণ ও জাতীয় ঐক্যের মতো বিষয়গুলো বর্তমান সময়েও প্রাসঙ্গিক।
সূত্র: বাসস
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

