শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়কে ছোট করে দেখার প্রবণতা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শিল্পী পরিচয়, শিল্পচর্চা ও সংস্কৃতির মর্যাদা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনোই লজ্জার বিষয় নয়। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি তার শ্রদ্ধাশীল থাকা উচিত।

শিল্পী পরিচয়কে অবজ্ঞা করার প্রবণতার সমালোচনা করে প্রভা বলেন, কোনো পরিচয় যদি একজন মানুষকে সম্মান ও ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।

সংস্কৃতি অঙ্গনে যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপরও গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, শুধু পরিচিতি বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা নিয়ে সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়। এর পাশাপাশি থাকতে হবে শিক্ষা, সচেতনতা ও সংস্কৃতিবোধ।

সাদিয়া জাহান প্রভা

প্রভা বলেন, অশিক্ষা, অজ্ঞতা ও সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক, তা তিনি চান না। যারা শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হবেন, তাদের নিজেদের পরিচয়ের প্রতিও সম্মান থাকা প্রয়োজন।

শিল্পের মর্যাদা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

প্রভার এই বক্তব্যে শিল্পী পরিচয়কে হেয় করা এবং সংস্কৃতি অঙ্গনে মূল্যবোধের ঘাটতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ পেয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের সংস্কৃতিকর্মীদের শিক্ষা, সচেতনতা ও নিজেদের পরিচয়ের প্রতি সম্মান রেখে শিল্পচর্চায় যুক্ত হওয়ার বার্তাও দিয়েছেন তিনি।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ