দেশের বাজারে টানা তিন দফা সোনার দাম কমানোর পর এবার আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এর আগে বুধবার একই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।

বাজুসের এই সিদ্ধান্তের ফলে দেশের বাজারে কয়েক দফা কমার পর আবারও ঊর্ধ্বমুখী হলো মূল্যবান ধাতু সোনা ও রুপার দাম।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ