বর্ষার মৌসুমে পাকা তাল দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু তালের পাটিসাপটা। নরম পিঠার সঙ্গে তালের মিষ্টি স্বাদ ও নারিকেলের পুর—সব মিলিয়ে এটি হতে পারে বিকেলের নাশতা বা অতিথি আপ্যায়নের দারুণ আয়োজন।
উপকরণ
পাটিসাপটার জন্য
- পাকা তাল – ১টি বা শাঁস ১ কাপ
- চালের গুঁড়া – ১ কাপ
- ময়দা – আধা কাপ
- সুজি – ২ টেবিল চামচ
- দুধ – ১ কাপ
- পানি – প্রয়োজনমতো
- লবণ – সামান্য
- তেল বা ঘি – প্রয়োজনমতো
পুরের জন্য
- কোরানো নারিকেল – ১ কাপ
- খেজুরের গুড় – আধা কাপ
- এলাচ গুঁড়া – আধা চা চামচ
- দুধ – ২–৩ টেবিল চামচ
তালের শাঁস পরিষ্কার করবেন যেভাবে
১. প্রথমে পাকা তাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন।
২. তাল ভেঙে ভেতরের শাঁস বের করে নিন।
৩. শাঁসগুলো একটি পরিষ্কার পাত্রে নিয়ে অল্প পানি মিশিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিন।
৪. এরপর ছাঁকনি বা পাতলা পরিষ্কার কাপড় দিয়ে শাঁস ছেঁকে নিন। এতে তালের আঁশ ও শক্ত অংশ আলাদা হয়ে যাবে।
৫. ছেঁকে নেওয়া মসৃণ তালের শাঁসই পাটিসাপটার ব্যাটারে ব্যবহার করুন।
যেভাবে তৈরি করবেন
১. পুর তৈরি:
প্যানে নারিকেল ও খেজুরের গুড় দিয়ে মাঝারি আঁচে নাড়ুন। গুড় গলে গেলে দুধ ও এলাচ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। পুর আঠালো হয়ে এলে চুলা বন্ধ করে ঠান্ডা করুন।
২. ব্যাটার তৈরি:
চালের গুঁড়া, ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ছেঁকে রাখা তালের শাঁস ও দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিন। ব্যাটারটি এমন পাতলা হবে, যাতে তাওয়ায় সহজে ছড়িয়ে দেওয়া যায়। ১৫–২০ মিনিট ঢেকে রাখুন।
৩. পাটিসাপটা বানানো:
তাওয়া গরম করে সামান্য তেল বা ঘি মাখিয়ে এক হাতা ব্যাটার ঢেলে পাতলা করে ছড়িয়ে দিন। ওপরের অংশ শুকিয়ে এলে মাঝখানে নারিকেলের পুর দিন। এরপর দুই পাশ ভাঁজ করে রোল করে নিন।
এভাবে বাকি ব্যাটার ও পুর দিয়ে সব পাটিসাপটা তৈরি করুন। গরম গরম পরিবেশন করলে স্বাদ আরও ভালো লাগবে। চাইলে ওপর থেকে সামান্য খেজুরের গুড় ছড়িয়ে দিতে পারেন।
টিপস: তালের শাঁস ভালোভাবে ছেঁকে নেওয়া জরুরি। এতে পিঠায় আঁশ থাকবে না এবং ব্যাটার মসৃণ হবে। ব্যাটারে অতিরিক্ত তাল দিলে পাটিসাপটা ভেঙে যেতে পারে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

