চলমান সংকটকে পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ; জনগণকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান বিভিন্ন সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচার আমল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। দেশে সমস্যা নেই—এমন দাবি সরকার কখনো করেনি। তবে এসব সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন এবং এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরির পাঁয়তারা করছেন।

সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করবে।

তিনি বলেন, কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, দেশের আইনে তা স্পষ্টভাবে বলা আছে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজেদের সীমার মধ্যে থাকা উচিত।

দেশের বিভিন্ন সংকটকালীন সময়ে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিটি সংকটের সময় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করেছে। দলটি সংকট থেকে দেশকে ধীরে ধীরে বের করে আনতেও ভূমিকা রেখেছে।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা মানুষের কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পকারখানার মালিকসহ দেশের অনেক সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে রয়েছেন। এ পরিস্থিতির জন্য দলের পক্ষ থেকে তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেন।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভাটি বিকেল পৌনে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।