ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শেষ হলে হতাহতদের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
ইরানে জ্বালানি ট্যাংকারসহ ভারী যানবাহনের দুর্ঘটনা নতুন নয়। দেশটির সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। পুরোনো যানবাহন, সড়ক অবকাঠামোর দুর্বলতা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দেশটিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
২০১৮ সালে সানান্দাজের কাছে একটি যাত্রীবাহী বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
তথ্যসূত্র: আল জাজিরা
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

