রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক আগামী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে পার্কের প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসির ‘শিশু পার্ক শাখা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসসিসি প্রশাসক জানান, পার্কের আধুনিকীকরণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ৩০ শতাংশ।

তিনি বলেন, শিশুদের বিনোদনের জন্য পার্কে ১৫টি অত্যাধুনিক রাইড স্থাপন করা হবে। এসব রাইড কেনার জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। রাইডগুলো স্থাপন করতে পারলেই প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।

আবদুস সালাম আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করে রাজধানীবাসী ও শিশুদের জন্য একটি আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে শহীদ জিয়া শিশু পার্ক খুলে দেওয়া সম্ভব হবে।

এ সময় ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অংশগ্রহণের আহ্বান জানান।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীসহ সিটি করপোরেশন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।