ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হিসেবে তিনি দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতিকে দায়ী করেন।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় দলের কর্মী প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, দেশের সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মুরগি যেন পাতি শৃগালের কাছে বর্গা দেওয়া হয়েছে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে দলটি ক্ষমতায় গেলে শরিয়াহবিরোধী কোনো আইন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই ওয়াদা ভঙ্গ করে সংসদে শরিয়াহবিরোধী আইন অনুমোদন করা হয়েছে। এ অবস্থান থেকে সরে না এলে রাজপথে প্রতিবাদ করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, দলটি তাদের লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ কথাটি বাদ দিয়েছে। ফলে সেখানে আর ‘ইসলাম’ শব্দটিও অবশিষ্ট নেই। তাই জামায়াতকে ইসলামী দল বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের ইশতেহারে জামায়াত ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেনি। দলটির আমিরও সে সময় বলেছিলেন, তারা শরিয়াহ অনুযায়ী দেশ চালাবেন না, প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন। সব মিলিয়ে জামায়াত আর ইসলামী দল নয় বলেও মন্তব্য করেন রেজাউল করীম।

বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে জামায়াতের লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন?’ লংমার্চ থেকে ফিরে জামায়াতের আমির কেন বিদ্যুৎ সংকটকে বর্তমান সরকারের সৃষ্ট সমস্যা নয় বলেছেন, সে প্রশ্নও তোলেন তিনি।

কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ্ আখন্দের সভাপতিত্বে কর্মী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহা. সাইফুল ইসলাম। এ ছাড়া জেলা শাখার সম্পাদক জি এম তৌহিদ আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।